বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় পাঁচ দিনব্যাপী এ মহড়া চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।
মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা যৌথভাবে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০ জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, পণ্য পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা।
যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেয়া বক্তব্যে জানানো হয়, আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে এ মহড়া ভূমিকা রাখবে। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় উভয় বাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।










