ব্র্যাক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) যৌথ উদ্যোগে ২২ জেলার ২৪ নারী হকি গোলরক্ষককে নিয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি রাজধানীর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ ক্যাম্প শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা গোলরক্ষক হিসেবে কারিগরি দক্ষতা ও মাঠের পারফরম্যান্স উন্নয়নে বিশেষায়িত প্রশিক্ষণ পাবেন। ক্যাম্পের যাবতীয় ব্যয় বহন করছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে প্রশিক্ষণ ব্যয়ের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও সুরক্ষামূলক প্যাড সরবরাহও অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান ব্যাংকের প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অপরাজেয় আলো’ কর্মসূচির আওতায় প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে নারী হকির বিকাশে কাজ করছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক বাস্তবায়নাধীন এ কর্মসূচির লক্ষ্য দেশের নারী হকির ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্রক্রিয়া শক্তিশালী করা।










