২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে আছে রংপুর। জিপিএ ৫ প্রাপ্তি বিবেচনায় সেরা ৫০টির মধ্যে রংপুর জেলার রয়েছে ১২ প্রতিষ্ঠান। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর, এ জেলার ১১ প্রতিষ্ঠান রয়েছে জিপিএ ৫ অর্জনে এগিয়ে। আর তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট।

গতকাল দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৮ প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বোর্ড থেকে মোট জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ ও ছাত্রী ১ হাজার ৫৭০। শতভাগ পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর ৪৯ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

জিপিএ ৫ বিশ্লেষণে এ বোর্ডে এগিয়ে থাকা ৫০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে রংপুর জেলার ১২টি, দিনাজপুরের ১১, নীলফামারীর ছয়, লালমনিরহাটের ছয়, গাইবান্ধার পাঁচ, কুড়িগ্রামের পাঁচ, ঠাকুরগাঁওয়ে তিন এবং পঞ্চগড়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ, মানবিক বিভাগে ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৪১ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা ৫০ দশমিক ২৬ শতাংশ পাস করেছে।