এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ইংরেজিতে ফেলের ধাক্কায় যশোর বোর্ডে ফল বিপর্যয় ঘটেছে। গতকাল যশোর বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন বণিক বার্তাকে এসব তথ্যের বিষয় নিশ্চিত করেন।

শতভাগ ফেল করা ১৬টি প্রতিষ্ঠান হলো সাতক্ষীরার এ কে ফজলুল হক এমসিএ কলেজ, ইসলামিয়া মহিলা কলেজ, নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট, ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ, মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ, গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ, খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ, ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ, মডেল মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ। যশোরের মণিরামপুরের সবুজ পল্লী কলেজ, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ, জগন্নাথপুর আইডিয়াল কলেজ ও মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ।