বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার সন্ধ্যা নদীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে জড়ো হয় বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ। অনেকে ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে অবস্থান নিয়ে উপভোগ করে এ আয়োজন। গতকাল বিকাল ৪টায় সন্ধ্যা নদীর শিকারপুর বন্দর এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। প্রতিযোগিতায় আটটি সুবিশাল নৌকা অংশ নেয়। উদ্বোধনের পর পরই বৈঠার তালে নদীর বুকে শুরু হয় নৌকাগুলোর প্রতিদ্বন্দ্বিতা। বিচিত্র সাজে সজ্জিত নৌকাগুলোতে রঙিন পোশাক পরা মাঝিরা কাঁসির আওয়াজ, গান ও সম্মিলিত জয়ধ্বনির মধ্য দিয়ে বৈঠা চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতাটি মেজর এমএ জলিল সেতু এলাকায় গিয়ে শেষ হয়।