ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় দুই নৌ রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত যানবাহন, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্যরাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত, কপোতী, খান জাহান আলী ও চিত্রা নামে চারটি ফেরি।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন।
এ ছাড়া পাটুরিয়া ঘাটে ৬টি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি এবং আরিচা ঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে যায়।










