বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে রেজাউল করীমের বাসায় পৌঁছেন তিনি। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে তাদের বাসায় গিয়ে তারেক রহমানের ধারাবাহিক সাক্ষাতের অংশ এ দুই নেতার সাক্ষাৎ। এর আগে রোববার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।

ইসলামী আন্দোলনের একজন নেতা বলেন, ‘নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে।’

তারেক রহমানের সাক্ষাতের সময় ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে।

সাক্ষাতের পর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছেন তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় জুলাই গণ-অভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি। তিনিও রাষ্ট্র পরিচালনায় আমাদের সহায়তা চেয়েছেন। জবাবে সকল ভালো কাজের প্রতি সমর্থন ব্যক্ত করার এবং দেশ-জাতি ও ইসলামের স্বার্থবিরোধী কাজের নিয়মতান্ত্রিক প্রতিবাদের ইচ্ছা ব্যক্ত করেছি। তারেক রহমান প্রতিবাদের আগে আলোচনা করার আহ্বান জানিয়েছেন, যা আমরা সাদরে গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘জুলাই সনদ ও উচ্চকক্ষের ব্যাপারে জন রায়ের প্রতি শ্রদ্ধা ও মান্যতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। জবাবে বিএনপির নোট অব ডিসেন্ট দেয়া বিষয়গুলো পার্লামেন্টের সিদ্ধান্তের ওপরে ন্যস্ত করার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

প্রেস ব্রিফিংয়ে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পুরনো রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়ে তারেক রহমান যে সৌজন্যবোধের রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন তা প্রশংসনীয়। তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘যদি জনবিরোধী, দেশবিরোধী বা ইসলামবিরোধী কাজ করা হয়, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করব।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের উপস্থিত ছিলেন।

তারেক রহমানের দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়েছে। আর ইসলামী আন্দোলন পেয়েছে একটি আসন। আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে।