বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই তাহলে ৩১ দফা বাস্তবায়ন হবে না। ৩১ দফা বাস্তবায়ন না হলে গত ১৫ বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন সবকিছু বৃথা হয়ে যাবে।’ গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল, যার ধারাবাহিকতা ও ঐতিহ্য আছে। কোটি কোটি মানুষ দলটির প্রতি আস্থা ও ভরসা রাখে। এ আস্থা ও ভরসা রাখার কারণেই বহু মানুষকে স্বৈরাচারের অত্যাচার ও জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। তার পরও বিএনপিকে টিকিয়ে রাখতে তারা ঝাণ্ডা হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা এমন সময় ৩১ দফা ঘোষণা করেছি যখন কেউ স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিলাম। এখন যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে ৩১ দফা বাস্তবায়ন হবে না। ৩১ দফা বাস্তবায়ন না হলে গত ১৫ বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন সবকিছু বৃথা হয়ে যাবে।’
সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জনসমর্থনবিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।’
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি।’
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবি, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতা। কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ছয় শতাধিক নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।










