গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসেন তিন ব্যক্তি। পথে তারা ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

আরো বলা হচ্ছে, ভুক্তভোগী ব্যক্তির চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়। এসময় এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যান। অপর দুজনকে মারধর করে উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।