ফিলিস্তিনের গাজা ও রাফাসহ বিভিন্ন অঞ্চলে দখলদার ইসরাইল সরকার কর্তৃক পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দেড় বছর ধরে চলমান এ সামরিক আগ্রাসনে প্রায় এক লাখ নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ সব পেশা ও শ্রেণীর অগণিত মানুষ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের গাজা, রাফাসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় সব বাড়িঘর বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে, ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মানব সভ্যতার ইতিহাসে এ এক কলঙ্কজনক অধ্যায়। পরিতাপের বিষয় এই যে মানবাধিকার, যুদ্ধবিধি ও আন্তর্জাতিক আইনের সব নীতি পদদলিত করে ইসরাইল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
এতে বলা হয়, বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ ভারাক্রান্ত হয়ে ফিলিস্তিনের শহীদদের স্মরণ করছে এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিতকরণসহ এ মানবসৃষ্ট সংকটের দ্রুত অবসান ঘটাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি। ফিলিস্তিনিদের আদি নিবাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য বিশ্বের সব দেশ, জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর প্রতি জোরালো আবেদন জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার ইসরায়েল কর্তৃক অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করছে। সেই সঙ্গে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করে নৃশংসতার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী ভূমিকা রাখার জন্য সব বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানাচ্ছে।















