মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম তাইফুজ্জামান (৯), দুর্ঘটনায় আহত হয়েছেন মাসুদুজ্জামান (৪০)। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে মাসুদুজ্জামান তার ভাইয়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৌবাড়ীয়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। শুকুরকান্দি নামক স্থানে পৌঁছলে রাস্তার পাশে ইটভাটা থেকে আসা একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাইফুজ্জামান মারা যায়। এতে মাসুদুজ্জামান আহত হন। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তাইফুজ্জামানকে নিয়ে সিএনজিতে করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই শিশুটির মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ট্রাক ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।










