হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে একই অধিকার দেয়ার কথা জানিয়েছেন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা এসেছি মানুষকে একই অধিকার দিতে। এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদের একটু সাহায্য করেন আপনারা। ধৈর্য ধরেন। করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করবেন। যদি না পারি তবেই আমাদের দোষ দিয়েন।'

ড. ইউনূস আরো বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ এক পরিবারের মতো। এর মধ্যে পার্থক্য করা, বিভেদ করার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশী। এটি আমরা নিশ্চিত করতে চাই। আর কোনো বিভেদ চাই না। আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেখানে আমরা হিন্দু কিংবা মুসলিম হিসেবে বিবেচিত নই; আমরা সবাই মানুষ। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার কারণ হলো আমাদের প্রতিষ্ঠানগুলো পঁচে গেছে। এ কারণেই গোলমালগুলো হচ্ছে। এজন্য দরকার ন্যায়বিচার। এখানে সবার জন্য আইন একটাই।’

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেন তাহলে আমরা মূল সমস্যা থেকে দূরে সরে যাবো। আমাদের বলতে হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা। আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যদি টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক; তাহলে আবার সেই পুরনো খেলায় চলে গেলেন। আপনাদের বলতে হবে আমরা মানুষ, বাংলাদেশের মানুষ। আমাদের সাংবিধানিক অধিকার আমাদের দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিছু না।’