গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের এপেক্স এগ্রো লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের সমসেত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি অটোভ্যানকে একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন আব্দুল হামিদসহ আরো দুইজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইক চালক মাজেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি কৌচাকৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইসাহাক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










