পা পিছলে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ হয়েছেন ভোলার ভেদুরিয়া-বরিশাল নৌ-রুটে চলাচলকারী কৃষ্ণচূড়া ফেরির লস্কর মো. আমিরুল ইসলাম (২৫)৷ দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও আজ শুক্রবার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজ আমিরুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
ভেদুরিয়া ফেরিঘাটে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উচ্চমান সহকারী মো. হেলাল উদ্দিন খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লোড শেষে ফেরিটি লাহার হাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। গাড়ি লোড হওয়ার একপর্যায়ে লষ্কর আমিরুল ইসলাম দেখেন ফেরির পাশ দিয়ে মরা ইলিশ মাছ ভেসে যাচ্ছে। তিনি মাছটি এক হাত দিয়ে ধরতে গিয়ে পা পিছলে ফেরির নিচে চলে যান।
তাৎক্ষণিক উদ্ধার করতে ফেরিতে থাকা অন্য কর্মীরা এগিয়ে আসেন। কিন্তু তার আগেই আমিরুল স্রোতের চাপে পানিতে তলিয়ে যান।
এ বিষয়ে ভোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রিপন হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টিম ঘটনাস্থলে যায়। তবে ভোলায় ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।










