সন্ত্রাস, ছাত্র রাজনীতি, র্যাগিং ও মাদককে ‘না’ বলে শপথ নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলভুক্ত ছয়টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এ শপথবাক্য পাঠ করান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে সেটি সম্পূর্ণ তোমার হাতে। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হতে হবে। দেশ, জাতি ও সমাজের নেতৃত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত, সমৃদ্ধ “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অনন্য একটি বিশ্ববিদ্যালয়। এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া ও গবেষণার প্রতি বেশি মনোযোগ দেয়া হয়। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সফলতার স্বাক্ষর রাখছে।’ উপাচার্য সেসব কৃতী অ্যালামনাইদের পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোছা. তাছলিমা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।










