ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খোশালপুর ও সামান্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের কয়েকটি সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোশালপুর সীমান্তের মাইলবাড়িয়া গ্রাম থেকে নারী ও শিশুসহ ৮ জন, সামান্তা সীমান্তের রুলি গ্রামের মোমিনতলা মোড় এলাকা থেকে ৮ জন ও আনন্দ বাজার গ্রাম থেকে ৩ বাংলাদেশী নারীকে আটক করা হয়।
পরে বিজিবির পক্ষ থেকে মামলা করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের বাড়ি রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।










