ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। গতকাল বেলা ১১টার দিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সুপার ক্যারাভান বহরের এ ভ্রাম্যমাণ গাড়িতে শহরের বাস টার্মিনালে ২ ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।