ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ১৭২টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থের হিসাবে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪ লাখ টাকা। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় একটি প্রাথমিক শিক্ষা কার্যালয়সহ ৬৭টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলায় ৮৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তালা উপজেলায়। সেখানে ২১টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলায় ১২টি, কলারোয়ায় সাতটি, শ্যামনগরে ১২টি এবং সদর উপজেলায় সাতটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা শেখ ওহিদুল আলম বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালে জেলার ১ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ৪৫ লাখ ৭৫ হাজার টাকা।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, ‘খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অনেক বিদ্যালয়ের টিনের ছাউনি পুরোটাই উড়ে গেছে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমরা ওইসব জেলার ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’










