দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৭৯ জন ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ পাঁচ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গতকাল রোববার দিবাগত রাতে চয়ন ইসলামকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে জন্য তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।

জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দুই মাস ধরে চয়ন ইসলাম এ বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার স্ত্রী জোছনা খানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া চয়নের সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক যুবলীগ নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২ জনকে গ্রেফতার করা হলো।