খুলনা নগরীর চরেরহাট এলাকার ভৈরব নদ থেকে ওয়াং সিয়াও (৪৪) নামে এক চায়না প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ লাশ উদ্ধার করে খালিশপুর থানা পুলিশ। ওয়াং সিয়াও খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল প্রকৌশলী ছিলেন। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে ছয় মাস ধরে কর্মরত আছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। তিনি আরো বলেন, মৃত্যুর বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য মেলেনি। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার বিষয় স্পষ্ট জানা যাবে। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ওয়াং সিয়াও। পরদিন থানায় জিডি করা হয়।










