রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল । সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছে তা জানা যায়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িত পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা আলামত সংগ্রহ করে।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহে দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।
এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি না এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। কিন্তু সেখানে কিছুই পায়নি তারা।










