নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৬টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। এতে বরিশাল থেকে দক্ষিণের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুধু বাসই নয় দূর পাল্লায় যাত্রী নিতে চাওয়া থ্রি-হুইলারগুলোও আটকে দিচ্ছেন শ্রমিকরা। এতে করে বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী, কুয়াকাটা ও ভোলা, রুটে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরিবহন-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী বলেন, শ্রকিদের কাজ ও জীবনের নিরাপত্তার জন্য বরিশাল বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়নের ঐক্য পরিষদ মিলে কর্ম বিরতির ডাক দেয়া হয়েছে। এতে করে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ আছে।
তিনি বলেন, শ্রমিকরা আজিবন মার খেয়ে যাচ্ছে আর সকলকে ছাড় দিয়ে যাচ্ছে। গতকাল বিনা কারনে আমাদের ওপর হামলা চালায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিবে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তাদের আইডি কার্ড দেখিয়ে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনেরও হাফ ভাড়া করে নেয়। এভাবে হলে আমরা খাবো কি? আমাদেরওতো পরিবার, সন্তান আছে।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, গতকাল ঝালকাঠি রুটের একটি বাসে বিএম কলেজের এক ছাত্রীর হাফভাড়া নিয়ে ঝামেলা হয়েছে শুনেছি। এ বিষয়ে বিচার চাইলে শিক্ষার্থীরা ঝালকাঠি মালিক সমিতির কাছে চাইতে পারতো। কিন্তু রূপাতলীতে বিক্ষোভ করে বাস ভাংচুর, অগ্নি সংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে চাইছে না।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি রুটে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলে রূপাতলী বাস টার্মিনালে বিক্ষোভ ও অবরোধ করে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। এসময়ে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থানকারী বাস ভাঙচুর করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। তারা অসৌজন্য আচরণকারী শ্রমিক, হামলাকারী শ্রমিক গ্রেপ্তারসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সাড়ি তিন ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয়। এদিকে রাতেই কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।










