তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘একজন উপদেষ্টার দিকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। এক পক্ষকে যদি আরেক পক্ষের সঙ্গে লাগিয়ে দেয়া যায়, তাহলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র। এটি একটি অদৃশ্য শক্তি। এটি বারবার দেখা যাচ্ছিল না। এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে, বোঝা যাচ্ছে, কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে চাইছে।’
গতকাল বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের আয়োজন করা হয়। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সমাবেশে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাম্যকে হত্যা করা হয়েছে। এটি চক্রান্তের অংশ। বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করতে চায়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে। এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে আবার বিদায় দিতে হবে।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে। একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যার সমাধান করতে পারবে না। অনেকে দাবি তুলবে। তবে আলোচনা করতে হবে, সমাধানেরও চেষ্টা করতে হবে। সেখানে পুলিশ যেভাবে ছাত্রদের পিটিয়েছে, এটাও কিন্তু ঠিক করেনি। এর ভেতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। ষড়যন্ত্রটা হচ্ছে, পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য।’










