নাটোরের বাগাতিপাড়ায় সাকিবুল ইসলাম সোহাগ (২৮) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাকা ইউনিয়নের নাজিরপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনসার সদস্য সোহাগ ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আঙিনায় ওই আনসার সদস্যের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির সঙ্গে চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।










