খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে দুদিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। গত মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের যৌথ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ পরিস্থিতিতে শহরের বাইরের দলীয় নেতাকর্মীদের আগেই খুলনায় হাজির হতে বলা হয়েছে।

খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা। এরই মধ্যে সমাবেশের অনুমতিও পেয়েছে দলটি।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ২১ ও ২২ অক্টোবর খুলনায় চলাচলকারী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক ইউনিয়ন। খুলনা থেকে ১৮টি রুটে দুই শতাধিক বাস চলাচল করে। ওই দুদিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না এবং প্রবেশও করবে না বলে তিনি জানান। তবে কেন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হলো এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি এ শ্রমিক নেতা।

এদিকে সমাবেশ ঘিরে ব্যাপক প্রচার চালাচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, সমাবেশ বানচাল করতেই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিক ও শ্রমিকরা।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনা বিভাগের নয়টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা ‘বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে’ বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন শঙ্কা তাদের আগে ছিল, তাই নেতাকর্মীদের সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে।

বাপ্পী বলেন, নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন।