আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার (১০ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে।
নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।
এদিন সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, যারা মেইনটেইন করতে পারবে, তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেয়া হবে। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট সিটি করপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।










