নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে দেশজুড়ে নাগরিকদের মতামত সংগ্রহের কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 'আপনার চোখে নতুন বাংলাদেশ' —শিরোনামে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নতুন রাজনৈতিক দলের মাধ্যমে সমাজের সকল নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বলে নেতারা জানান।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটি আমাদের দেশে একটি নতুন রাজনৈতিক দল কর্তৃক জনমত গ্রহণের উদ্দেশে গৃহীত সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা। আমরা শুধু একটি দল শুরু করছি না। এমন একটি আন্দোলন শুরু করছি যেখানে একজন পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত প্রত্যেক নাগরিকের তাদের জীবনকে প্রভাবিত করে এমন নীতিগুলি গঠনে মতামত রয়েছে।
এই কর্মসূচিতে ডিজিটাল ও অফলাইন উভয় মাধ্যমে মতামত নেয়া হবে। যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, তারা সরাসরি ফর্ম পূরণ করে মতামত জানাতে পারবেন। অন্যদিকে, প্রযুক্তি ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল ফর্ম পূরণ করতে পারবেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলিতে ঘটে না। এই কারণেই আমরা মাঠে আছি। এ সময় আমরা কৃষক ও রিকশাচালকদের কথা শুনব। এছাড়াও বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনব। এই দল উপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে।
আপনার চোখে নতুন বাংলাদেশ উদ্যোগের আওতায় সারাদেশে কমিটি ও তাদের কর্মীদের মাধ্যমে এক লক্ষেরও বেশি মানুষের সাথে যোগাযোগ করে তাদের মতামত নেয়া হবে। রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদারসহ সর্বস্তরের মানুষের কাছ থেকে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ দিকনির্দেশনার বিষয়ে মতামত চাওয়া হবে।










