ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হৃদয় (২০) নামের এক আর্জেন্টাইন সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গেল সোমবার দিবাগত রাতে ব্রাজিলের সঙ্গে খেলা হয় দক্ষিণ কোরিয়ার। খেলা চলাকালীন সময়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের ছেউয়াখালী এলাকায় তাফসির মাহফিল চলাকালীন নতুন করে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে পূর্বের ঘটনার প্রতিশোধ নিতে শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। সংঘর্ষে হৃদয়সহ ১১ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলেও তাদের মধ্যে সন্ধান মেলেনি নিহত হৃদয়ের।
আজ বুধবার সকালে সেখানকার এক কচুরিপানার ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালিয়ে ছেলেকে বিএ পাস করিয়েছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
ভোলা সদর থানার এসআই কবির উকিল বলেন, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হৃদয়ের মৃত্যু হয়।
আহতদের মধ্যে অভিযুক্তদেরকে পুলিশ পাহারায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।










