মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপ করতে যাচ্ছে সরকার। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে এ উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।’

তিনি আরো বলেন, ‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’

শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা জনস্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং সম্ভাব্য পরিকল্পনা থেকে সরে আসবে।