কুড়িগ্রাম- ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশায় রাস্তা প্রায় দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী পিংকি- বাচ্চু নামের দূরপাল্লার বাস ও কুড়িগ্রামের দিকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। চড়াইখেলা ব্রিজ এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সাত্তার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।










