লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে
এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুরে সদরের মজুচৌধুরীর হাট নৌ-বন্দর লঞ্চঘাট এলাকায়
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান,
নৌ-পুলিশের সহকারী উপ পরিদর্শক মো. সাইফুজ্জামান।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে যাত্রীদের
উপচে পড়া ভিড় থাকে। এ সুযোগে লঞ্চগুলো সরকারের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত
যাত্রী পরিবহন করে থাকে। এমন অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে
মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চ অতিরিক্ত
যাত্রী পরিবহন করে ভোলার উদ্দেশে রওনা হয়। এ সময় নির্দেশনা অমান্য করায় লঞ্চঘাটেই ভ্রাম্যমাণ
আদালত বসিয়ে এমভি পারিজাত-১ লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ঈদ এলেই লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল
নৌ-রুটে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকে। এ সুযোগে কিছু অসাধু লঞ্চ ঝুঁকি জেনেও অতিরিক্ত
যাত্রী নিয়ে নদীপথে যাতায়াত করে। এমভি পারিজাত-১ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।










