শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন ৩৮ বছর আগে। কেউবা সদ্য পড়াশোনার পাঠ চুকিয়েছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফাঁরাক। তবে তারা সবাই স্মৃতির টানে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলে ছিলেন প্রাণের বন্ধনে।

গতকাল দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে মেতেছিলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।  দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে সহপাঠীদের পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ও খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মাসুদ আলম গোলদার পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রাক্তন শিক্ষার্থী এসএম মাহবুব ও আব্দুল খালেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন। স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান শেখ, আব্দুল লতিফ, বিশ্বজিৎ রায়, বর্তমান প্রধান শিক্ষক সাহেব আলী, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইব্রাহীম বিশ্বাস, আব্দুল হাই, তুহিন গোলদার, উত্তম বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্নাফ বিশ্বাস, ইউপি সদস্য ফরিদ রানা।