ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ত্রাণসামগ্রী ও কম্বল উদ্ধার করছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার গভীর রাতে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ৪ নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের ৩২ বস্তা ত্রাণসামগ্রী ও চার বস্তা কম্বল বিদ্যালয়ের একটি কক্ষে রাখে চাঁচড়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে শুক্রবার রাত ২টায় তজুমদ্দিন থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব সামগ্রী হেফাজতে রাখে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এসব সামগ্রী হেফাজতে নেন।

চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান বলেন, তজুমদ্দিন থেকে আনা ত্রাণের সামগ্রীগুলো বহনকৃত গাড়ির ড্রাইভার পরিষদ বন্ধ পেয়ে স্কুলের মাঠে রেখে গেলে স্থানীয় ইউসুফ সিকদার এগুলো স্কুলের একটি কক্ষে রাখেন।

তজুমদ্দিন থানার ওসি এনায়েত হোসেন বলেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়া স্কুলের রুমে মালামাল রাখার বিষয়টি জানালে ফোর্স পাঠিয়ে ত্রাণসামগ্রীগুলো চৌকিদারের হেফাজতে রাখা হয়। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণসামগ্রী জব্দ করে উপজেলায় নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, সকালে স্কুলের একটি রুম থেকে ত্রাণের মালামাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।