নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবসরপ্রাপ্ত) বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক। এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী ৫ সিটি নির্বাচন। অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতবিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টার মুক্ত করেছি। আমরা চাই পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র সবই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এজন্য সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে।

রাশেদা সুলতানা বলেন, গাজীপুর সিটি নির্বাচন সামনে। সেখানে কাজকর্ম আগেই শুরু হয়েছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে পারবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। সভায় জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।