ঘন কুয়াশায় ৯ ঘণ্টায় বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৭টায় এবং তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর ৬টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, ঘন কুয়াশায় চার ঘাটে পারের অপেক্ষায় ছিল পাঁচ শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশায় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে যমুনা নদীর পুরো নৌপথ ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় ৫টি ফেরি দুই ঘাটে আটকে রাখা হয়।

এদিকে, রাত সাড়ে ৩টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে অপর ৮টি ফেরিকে আটকে রাখা হয়।

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে ছিল পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।