ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি। প্রকাশিত আসনভিত্তিক ভোটার তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা যায়। জেলা নির্বাচন অফিসের প্রকাশিত গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, গাইবান্ধায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৮২ হাজার ৪১৬। আর নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন। পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন।

আসনভিত্তিক ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়, গাইবান্ধা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪ এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন। নারী ভোটার বেশি ৩ হাজার ৯৬০ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

গাইবান্ধা-২ আসনে ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৩৭ জন। আর নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪১২ জন। নারী ভোটারের সংখ্যা এখানে ৭ হাজার ৩৭৫ জন বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার এ আসনে ১১ জন।

গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

গাইবান্ধা-৪ আসনে ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন এবং নারী ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন। আসনটিতে নারী ভোটার বেশি ৫ হাজার ১১৮ জন। এ আসনে নিবন্ধিত তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। এখানে ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮২ জন। এ আসনে নারী-পুরুষ ভোটারের ব্যবধান সর্বনিম্ন—নারী ভোটার মাত্র ৭০৭ জন বেশি। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কাজ চলছে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।