নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আলমগীর হোসেন আলম (১৯), আলি আহমেদ (২৩) ও অজ্ঞাত (২৫)। এর মধ্যে আলমগীর সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। রোববার সকালে দুই পক্ষের মধ্যে আবারো কথা কাটাকাটির পর সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ টেটা, বল্লম, দা, ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বন্দুক ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে জাকির হাসান রাতুলের সমর্থক দুইজন ও আশরাফুল ইসলামের সমর্থক একজন নিহত হয়েছেন।
তিনি আরো জানান, দুই পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শুরু করার পর মির্জাচর দিকে যাচ্ছে। এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানিয়েছেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।










