খুলনার জিরো পয়েন্ট থেকে ১২টি স্বর্ণবারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো ঢাকা থেকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় লবণচরা থানায় মামলা করা হবে।










