গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন গাদু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও আহত হন। তিনি বর্তমানে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৩১ মে) বিকালে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মো. সাজু মিয়া।

নিহত মোফাজ্জল হোসেন গাদু উপজেলার ঘাগোয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান পরিষ্কারের জন্য ফ্যানের লাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোফাজ্জল। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করেন।