ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের ছাদ ও বিমের কয়েক স্থানের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং পরে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।
জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটিই এখন শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, পিলার দুর্বল হয়ে পড়েছে এবং ছাদের নিচের অংশের পলেস্তারা আলগা হয়ে গেছে। প্রায়ই তা খসে পড়ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও ভবনের ছাদ ও বিমের অংশ খসে পড়েছে।
মাদ্রাসার সুপার মো. আ. মন্নান জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন। তারা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। তার পরও ভবন সংস্কারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি আরো বলেন, ‘আজকের (রোববার) ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন একাডেমিক ভবনের জন্য বরাদ্দ দেয়ার জোর দাবি জানাচ্ছি।’
অভিভাবক ও স্থানীয়রা জানার, দীর্ঘদিন ধরে ভবনটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান চলছে। এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
রাজাপুরের ইউএনও রাহুল চন্দ জানিয়েছেন, ‘এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’










