নাটোরের সিংড়ায়
কলেজছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন
কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন একজন।
আজ বুধবার (৫
এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর
রহিম এ আদেশ দেন।
মামলা সূত্র জানা
যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর বড়াইগ্রামের চান্দাই এলাকার রাজশাহী সরকারি কলেজের একাদশ
শ্রেণীর ছাত্রীকে কৌশলে সিংড়া উপজেলার কলেজ মির্জাপুর গ্রামে নিয়ে যায় তার প্রেমিক।
সেখানে ভুক্তভোগী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
পরবর্তীতে স্থানীয়রা
কলেজ ছাত্রীকে উদ্ধার ও আসামিদের আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী
হয়ে ১১ জনের নামে সিংড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এক দশক
পর আজ সাব্বির আহমেদ, রেজাউনুল ওরফে রাব্বী, নাজমুল হক, রাজিবুল হাসান, রিপন ও শহিদুল
ইসলামকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
এছাড়া মনিরুল
ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ওরফে আতাউর ও রেজাউল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও
এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া নাছির হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেয়া হয়।










