গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। আহত অবস্থায় তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেনকে (১৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার শরীরের আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। একই সময় জিয়ারুলের স্ত্রী ও ছেলেকেও ছুরিকাঘাত করেন। পরে তিনি পালিয়ে যান।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এতে প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম এসে চাচা জিয়ারুল, তার স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।










