নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭), আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭) এবং শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)। তাদের প্রত্যেকের বাড়ি মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে কলেজ পড়ুয়া তিন বন্ধু মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার নজিপুরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সড়কে ছিটকে পড়ে তিন বন্ধুই গুরুত্বর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন।

অপর দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতে নেয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার (৪ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আরেক বন্ধু সাদনান সাকিব।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছিল। নিহত সুনিধির আশরাফের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। পরে রামেকে নেয়ার পথে হৃদয় হোসেন এবং সর্বশেষ বুধবার ভোরে সাদনান সাকিবের মৃত্যুর খবর আমরা পেয়েছি।