পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুরে প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলায় আগত কেন্দ্রীয় বিএনপির ১০ সদস্যের নেতৃবৃন্দের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় তিনি নিহত নূরে আলম ও আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ভোলার সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অসহায়ত্বের কথা চিন্তা করে সকাল সন্ধ্যা ঘোষিত হরতালকে অর্ধদিবসের মধ্যেই প্রত্যাহার করে নিয়েছি। তিনি আরো বলেন, বিএনপির ধারাবাহিক কর্মসূচি চলবে। জনগণের দাবি রাখতেই হরতালের ডাক দেয়া হয়েছিলো। দলীয় কর্মীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপাতত জনগণের দুর্ভোগ লাগবে আধাবেলা পর হরতাল প্রত্যাহার করা করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র বলেন, এ হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে কোনো একদিন হবেই।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, এডভোকেট জয়নাল আবেদিন ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা। পরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দরা।
এর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে চলে। হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এরপর জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। তবে কোনো ধরনের সহিংসতার ঘটনার খবর পাওয়া যায় নি।










