নাটোরের সিংড়ায় মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক আব্দুল আজিজ ও যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের আরো তিন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি ও স্থানীয়রা জানান, সিংড়া থেকে বগুড়াগামী মালবোঝাই মিনি ট্রাক চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আব্দুল আজিজ মারা যায়। আহত আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।