নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যানের চাপায় সিদ্দিকুর রহমান খান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর বনপাড়া পৌর শহরের অফিস পাড়ার মৃত রাজেন খানের ছেলে। তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে সিদ্দিকুর রহমান মোটরসাইকেল যোগে বনপাড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বনপাড়া খাদ্য গুদামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










