নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘এ মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে।’ আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে গতকাল সংবর্ধনায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ন্যায়বিচারের পরিবর্তে এতদিন নিপীড়নের নীতি প্রচলিত ছিল উল্লেখ করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন, ‘বিগত সময়ে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্র-জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমি পালন করে যাব। এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, তার প্রতি সম্মান রেখে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব।’
তিনি বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যারা গুম-খুনের শিকার হয়েছেন তারা ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছেন।’
এর আগে গতকাল সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে তিনি জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।










