বান্দরবানের আলীকদম উপজেলায় ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন মো. বেলাল (৩০), মো. ছৈয়দ আমিন (১৮) ও মো. মিনহাজ (১৮)। তারা আলীকদম উপজেলার বাজারপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার দিক থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী আলীকদম সদরের আসছিলেন। পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
তিনি বণিক বার্তাকে বলেন, তিন যুবকের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেপরোয়া গতিতে চালানো ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










