চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বণিক বার্তাকে জানান, ওই ব্যক্তির নাম নরেন্দ্র ধর (৩৫)। তিনি ভারতীয় নাগরিক। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকালের দিকে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে এক ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশীদ বণিক বার্তাকে বলেন, নিহত ব্যক্তির বিষয়ে সকালেই ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে পুলিশকে ফোন করে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।