সুন্দরবনের নদী ও খালে আজ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সময় সুন্দরবনে পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, জুন-আগস্ট এ তিন মাস সুন্দরবনের নদী-খালে মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এ সময় বন্যপ্রাণীরও প্রজনন মৌসুম। এ তিন মাস বনে জেলে এবং পর্যটক না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরুপদ্রব থাকবে।
মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে ২০২১ সালে এ তিন মাস বনে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এ বছরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।










